জেলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্বৈরাচার সরকারের নির্যাতনে মারা গেছেন। আর তারেক রহমানকেও হত্যার উদ্দেশ্যে তাঁর মেরুদণ্ড ভেঙে ফেলা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান এমন অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেঁচে থাকা তারেক রহমান আগামীর বাংলাদেশের হাল ধরবেন।
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলে খালেদা জিয়াকে কারাবন্দী থাকতে হতো না। দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি কারও সঙ্গে আপস করেননি; চাইলে রাজকীয়ভাবে থাকতে পারতেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের ভালোবাসা থাকায় সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য ভর্তি হওয়া এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতা-কর্মীরা।
বুধবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাদারীপুর জেলা বিএনপির ব্যানারে এতে অংশ নেন জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সদস্য তোফাজ্জেল হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষকদলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু-সহ আরও অনেকে।
প্রতিনিধি/একেবি