জেলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলিচাপায় মার্জিয়া বেগম নামে এক নারী কর্মী নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় রশনী পলি ফাইবার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মার্জিয়া বেগম (৪০) উপজেলার ভূনবীর ইউনিয়নের তেপাড়া এলাকার আকরাম আলীর স্ত্রী। তার ৪ মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে। মার্জিয়া ওই কারখানার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন কামাল বলেন, সকালে দায়িত্ব পালন অবস্থায় পেছন থেকে মালামাল পরিবহনের একটি ট্রলি মার্জিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর শুনে এলাকার মানুষ, প্রতিষ্ঠানের ভেতর ও আশপাশ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সহকর্মী শ্রমিকরা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়।
নিহত মার্জিয়া বেগমের স্বামী আকরাম আলী বলেন, আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার ছেলে মেয়ে এতিম হয়ে গেছে। তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চাই।
রশনি পলি ফাইবার কারখানার জেনারেল ম্যানেজার দিদারুল ইসলাম শাকিল বলেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তারা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তবে দুর্ঘটনার পর কিছু লোক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রতিনিধি/এসএস