জেলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদেরকে ৫০ টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের টেংগাপাড়া এলাকার মৎস্য ভবনের পেছন থেকে তাদেরকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পৌর শহরের দেওথান এলাকার মো. আবুল বাশার (৫০), টেংগাপাড়া এলাকার মো. আল আমিন (২৬) ও মো. কাঞ্চন (২৫)।
আরও পড়ুন
তাদের মধ্যে আবুল বাশারকে ৬ মাসের কারাদণ্ড, আল আমিনকে ৩ মাসের ও কাঞ্চনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস