জেলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
রাজশাহীতে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতাকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দুই নেতা হলেন— জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির মুখ্য সংগঠক মেহেদি হাসান ও যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেহেদি ও সোয়াইবকে অব্যহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না- সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ও সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য সংগঠনটির আহবায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ প্রদান করেছেন।
নির্ধারিত সময়ে মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করা হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেন মেহেদি হাসান ও সোয়াইব আহমেদ। ওই সময় এনসিপির জেলা কমিটির নেতাদের একাংশ সংবাদ সম্মেলন করছিলেন। এ ঘটনায় পরে ওই দুই নেতা সাংবাদিকদের কাছে ক্ষমা চান। আর পদত্যাগের ঘোষণা দেন এনসিপির রাজশাহী জেলা কমিটির ৫ নেতা। তবে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় পরবর্তীতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
প্রতিনিধি/টিবি