images

সারাদেশ

ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মামুন হলেন এনসিপি রংপুর জেলার আহবায়ক

জেলা প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আল মামুন এনসিপি রংপুর জেলার আহবায়ক নির্বাচিত হয়েছেন। আল মামুনকে আহবায়ক ও এরশাদ হোসেনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল মামুনের বাড়ি রংপুরে হওয়ায় তিনি জাতীয় পার্টির অন্যতম ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের পরপর দুইবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুলাই পরবর্তিতে সরকার পরিবর্তনের পর তিনি জাতীয় ছাত্র সমাজের নেতৃত্ব থেকে সরে আসেন।

এদিকে, একই তারিখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবু হাসান চঞ্চলকে আহ্বায়ক ও আব্দুল মালেককে সদস্য সচিব করে ৫২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শান্তি কাদেরী এবং যুগ্ম আহ্বায়ক ১২ জন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন এবং যুগ্ম সদস্য সচিব ৯ জন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরসহ চারজন এবং সদস্য হিসেবে ২২ জনকে মনোনীত করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রতিনিধি/টিবি