জেলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছীতে সোহেল (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছী গ্রামের খরার মাঠ থেকে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
নিহত সোহেল বেলগাছীর বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। একই দিন সকালে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মত তাদের।
নিহতের বাবা আসাবুল হক জানান, স্থানীয় তাহের বাঙালের ছেলে ফারুকের সঙ্গে এক সপ্তাহ আগে পেয়ারা বাগানের একটি গাছের ডাল ভাঙা ও পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের ঝগড়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ফারুক ও তার সহযোগীরা সোহেলকে হত্যার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, সেই দ্বন্দ্বের জের ধরেই সোহেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, বেলগাছের সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি এবং মূল ঘাতক ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এজে