images

সারাদেশ

পিরোজপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ বসতঘর

জেলা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাঠিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কয়েক মিনিটের এই ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর  সংবাদ পেয়ে জাকির হোসেন দৌড়ে এসে দেখেন তার ঘরটি দাউদাউ করে জ্বলছে।

শিশুর পড়ার টেবিল থেকে শুরু করে পরিবারের প্রয়োজনীয় কোনোকিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। তিনি শুধু পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনতে পেরেছেন।

অগ্নিকাণ্ডে জাকিরের দুই চাচা মোশারেফ শেখ ও সারোয়ার শেখের ঘরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক রাতেই তিন পরিবারের প্রায় ২০ লাখ টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘরের ভেতর থেকে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাব, পোশাক কিংবা কোনো মূল্যবান জিনিসপত্রও তারা বের করে আনতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করছেন স্থানীয়রা।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে রয়েছে। নেই ঘর, নেই শোবার জায়গা, নেই ব্যবহারের মতো কোনো জিনিস।

শিশুদের কান্না, বড়দের অনিশ্চয়তা—সব মিলিয়ে পরিবারগুলো খুবই কঠিন সময় পার করছে। শীতের রাতে কোথায় আশ্রয় নেবে, কিভাবে আবার নতুন করে ঘর তুলবে—এ নিয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। বিশেষ করে পরিবারের নারীরা ও বৃদ্ধ সদস্যরা খাদ্য, পোশাক ও আশ্রয়ের অভাবে চরম ভোগান্তিতে আছেন।
 
গ্রামবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া এখন জরুরি, না হলে তাদের বিপদ আরো বাড়বে। অনেকেই নিজের সাধ্যমতো খাবার, কাপড় ও আশ্রয়ের ব্যবস্থা করে সাহায্যের চেষ্টা করছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প।

জাকির হোসেনের বলেন, আমার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে আমাদের সব স্মৃতি, পরিশ্রমের ফল জমা ছিল, তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। চোখের সামনে পুড়ে যাওয়ার এই দৃশ্য আমি ভুলতে পারি না। প্রতিটি জিনিসপত্র, আমার পরিবারের অংশ ছিল—সবকিছু আগুনে নষ্ট হয়ে যাওয়ার বেদনা অসহনীয়। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেব, জানি না।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে দ্রুত  ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে