জেলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দিনরাত ২৪ ঘণ্টা দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবির উত্তর পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সরদার পাড়া বিওপি থেকে পার্শ্ববর্তী বিওপির দূরত্ব বেশি হওয়ার কারণে এই নতুন বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিওপি উদ্বোধনের পর আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার রোধ করা সহ অবৈধ অনুপ্রবেশ রোধ করা হবে। বিজিবি সীমান্তে আস্থার প্রতীক সমুন্নত রাখতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, সীমান্ত সুরক্ষায় নতুন বিজিবি ক্যাম্প স্থাপনে খুশি স্থানীয়রা।
রবিউল ইসলাম নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। আগে খুব ভয়ের মধ্যে ছিলাম। চোরাচালান হতো, মাদক পাচার হতো। এখন ক্যাম্প স্থাপনে আমাদের নিরাপত্তা বেড়েছে। শান্তিতে ঘুমাতে পারবো। আমরা খুব খুশি।’
প্রতিনিধি/একেবি