images

সারাদেশ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৯নং ধুলাসার ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা ইউনিয়ন অফিসে জামায়াতের সংগঠনটির ইউনিয়ন শাখা এই দোয়ার আয়োজন করে।

সংক্ষিপ্ত বক্তব্যে ধুলাসার ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হুমায়ুন আল আজাদী বলেন, ‘তিনি শুধু বিএনপি নেত্রী নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেত্রী। তিনি আপসহীন নেত্রী। তিনি শত অন্যায়-জুলুম সহ্য করেও কখনো মিথ্যার সাথে আপস করেননি।’

দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশে ধুলাসার ইউনিয়ন জামায়াতের আমির ও সভাপতি ইলিয়াস হোসাইন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে নানাভাবে নির্যাতন করে নিঃশেষ করতে চাইলেও আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমরা বিশ্বাস করি, আগামীতে রাষ্ট্রগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার আপসহীন মনোভাব এ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।’

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধুলাসার ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হুমায়ুন আল আজাদী, ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক আব্দুল কাইয়ুম (কুতুব), টিম সদস্য মো. হানিফ গাজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন সেক্রেটারি মোবাশ্বের আলী, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একেবি