জেলা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
মাদারীপুরের রাজৈর পৌর ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে রাজৈর উপজেলা বিএনপি। সোমবার বিকেলে এতে যোগ দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিল্টন বৈদ্য। মাদারীপুর জেলা বিএনপির এই সদস্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করতে গিয়ে কেঁদে ফেলেন।
এ সময় তিনি বলেন, ‘‘গণতন্ত্র রক্ষার জন্য প্রিয় নেত্রী খালেদা জিয়া স্বৈরাচারের সাথে কখনোই আপস করেননি। ‘ক্যাঙ্গারু আদালত’ মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন জেলে রেখে ‘স্লো পয়জনিং’ করে মৃত্যুর দরজায় নিয়ে গেছে। দেশের জন্য সন্তান হারানো বেগম খালেদা জিয়ার, সম্প্রতি বাংলাদেশ গড়ার জন্য আরও বেঁচে থাকা প্রয়োজন। দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করায় খালেদা জিয়ার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবৈধ শেখ হাসিনার সরকার নূন্যতম মানবিকতাও দেখায়নি।’’ অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান মিল্টন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাজুল মাতুব্বর, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুণ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির মৃধা এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ আরও অনেকে।
প্রতিনিধি/একেবি