জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গোপালগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে আলহাম মিয়া (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) শহরের কালিবাড়ি রোডের জিমি হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
আলহাম মিয়া রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রমের ইউছুব মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, আলহাম মিয়া গত ২৫ নভেম্বর দাপ্তরিক কাজের জন্য রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জেলা শহরের জিমি হোটেলে ওঠেন। তারপর থেকে তিনি কাজ শেষে ওই কক্ষে অবস্থান করছিলেন। তবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে বিভিন্ন সময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাননি। পরে খবর দিলে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে থাকা কয়েকটি আইডি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে ও একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি