images

সারাদেশ

বিতর্কিত সেই আবুল বয়াতি পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

বিতর্কিত বাউলশিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার পর আর পড়ালেখা করেননি। তিনি মাত্র পঞ্চম শ্রেণি পাস করেই গান গাওয়া শুরু করেন এবং ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা দিতে থাকেন। গত পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন আসরে নিজেকে কোরআনের ‘তাফসিরকারক’ হিসেবেও পরিচয় দিতেন। পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ ও বিভ্রান্তিমূলক বক্তব্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন।

সম্প্রতি একটি পালাগানের আসরে আল্লাহ, কোরআন এবং নবী মুহম্মদ (সা.)-সহ কয়েকটি ধর্মীয় বিষয়ে কটূক্তি করলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে তাকে পুলিশ গ্রেফতার করে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে কারাগারে আছেন আবুল বয়াতি। তার জীবনযাপন ছিল রহস্যময়। মানিকগঞ্জের সাটুরিয়ার চর দিল্লি গ্রামে তার বাড়িতে ভিআইপি ভক্তদের আনাগোনা ছিল এবং নানা আসর বসত। রাজনৈতিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। তবে এবার ধর্মপ্রাণ লোকজন এককাট্টা হলে তিনি বিপাকে পড়েন।

আবুল বয়াতি নিজেকে পীর হিসেবেও পরিচিত করতে শুরু করেছিলেন, যার জন্য তিনি নাম লেখেন সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আল চিশতী নিজামি। অতিরিক্ত টাকা আয়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টা করছিলেন বলেও পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে। সূত্র জানায়, ঢাকাসহ সারা দেশে তার ৫০ হাজারের মতো ভক্ত থাকার দাবি করতেন তিনি।

অন্যদিকে, তার ছোট ভাই জাহাঙ্গীর আলম, যিনি একটি মসজিদের ইমাম, ধর্মীয় বিষয়ে অপব্যাখ্যা দেওয়ায় আবুলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। এর জের ধরে আবুল বয়াতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপন ভাই জাহাঙ্গীরকে হয়রানি করেন, তাকে একাধিক মামলায় জড়িয়ে জেলে পাঠান এবং তার বাড়ির একটি মহিলা মাদরাসাও বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় পালাগানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে আবুলের বিরুদ্ধে। ২০ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জামিন শুনানিতে আদালত দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাউলশিল্পীদের ওপর হামলা ও মামলা: কারাবন্দি আবুল বয়াতির মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধনে যোগ দিতে আসা বাউলদের ওপর হামলার অভিযোগে ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় আহত বাউলশিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।

প্রতিনিধি/একেবি