জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
এ দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মান্নানের বিরুদ্ধে নেতাকর্মীরা চাঁদাবাজ আখ্যা দেওয়ার অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিলের দাবি জানান।
কাঁচপুরের বালুর মাঠ থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে মশাল মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবদুল কাদির জিলানী জানান, মশাল মিছিলের কারণে যানবাহনের চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। মিছিলকারীদের দ্রুত মহাসড়ক ছেড়ে দিতে বলা হয়।
মশাল মিছিলে অংশ নেন সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মান্নানের বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেজন্য তাদের দাবি, তার প্রার্থিতা বাতিল করে মনোনয়নপ্রত্যাশী অন্য নেতাদের মধ্য থেকে যোগ্য কাউকে নির্বাচন করা হোক।
উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে দলের নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দেন। ওই আলাপের একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
নেতাকর্মীদের দাবিসম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান গতকাল রাতে সংবাদমাধ্যমকে বলেন, ‘বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি রাজনীতিতে ত্যাগ স্বীকার করে, জেল-জুলুম সহ্য করে এ পর্যন্ত এসেছি। দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে। যারা মনোনয়ন বাতিলের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আসনের ‘ধানের শীষ’ জয় নিশ্চিত করার অনুরোধ করব।’
প্রতিনিধি/একেবি