জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
রাজশাহীর পুঠিয়ায় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ করার অভিযোগ উঠেছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ছেলে অপহরণ করেছেন বলে ছাত্রীর পরিবারের অভিযোগ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। তবে প্রায় এক মাসেও ছাত্রী উদ্ধার না হওয়ায় দিশেহারা তার পরিবার।
দ্রুত তাকে উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে তার পরিবার।
নিখোঁজ ছাত্রীর নাম মোসা. সামিহা (১৪)। সে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের মেয়ে। আর অভিযুক্ত ব্যক্তির নাম মো. হৃদয় (২৪)। তিনি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলামের ছেলে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর স্কুলে যাচ্ছিলেন সামিহা। তখন হৃদয় জোরপূর্বক মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে অপহরণ করে। পরে সামিহার বাবা মিজান একটি মামলা দায়ের করেন। তবে এক মাসেও সামিহাকে উদ্ধার করা হয়নি।
মানববন্ধনে ছাত্রীর বাবা মিজানুর রহমান বলেন, এক মাসেও থানা পুলিশ রহস্যজনক কারণে আমার মেয়েকে উদ্ধার করতে পারছে না। আমার মেয়ে বেঁচে আছে নাকি মৃত, সেটাও আমরা জানতে পারছি না। অপহরণের পর আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। পুলিশকে আসামিদের অবস্থান জানানোর পরও তাদের আটক করা হয়নি।
মিজান আরও বলেন, আমি ছয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছি। সম্প্রতি অন্য আসামিরা জামিনে এসে আমাকে নানান হুমকি দিচ্ছেন। থানা পুলিশ নীরব থাকার কারণে আমার পরিবার এবং আমি ভীষণ আতঙ্ক-উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছি।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মেয়েটিকে এখনও উদ্ধার করা যায়নি। অন্য আসামিরা হাইকোর্ট হতে জামিন নিয়েছেন।
প্রতিনিধি/এসএস