images

সারাদেশ

মাদারীপুর বাজারে দেশি মাছের সরবরাহ কম, দাম বেশি

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

মাদারীপুরের পাইকারি-হাটবাজারে দেশি মাছের সরবরাহ কম। এই সুযোগে ইচ্ছে মত দাম হাঁকিয়ে নিচ্ছেন বিক্রেতা। এতে ক্ষুদ্ধ ক্রেতা।

আড়তদার বলছেন, নদ-নদীতে কারেন্ট জাল ব্যবহার করায় কমেছে দেশি প্রজাতির মাছ। অন্যমাছও বাজারে চাহিদার তুলনায় কম আসায় কিছুটা বেড়েছে দাম।

thumbnail_Madaripur_25-11-25_(FISH_BAZAR)_Pic_(3)

সরেজমিন দেখা যায়, মাদারীপুর শহরের পুরাণ বাজার পাইকারি মাছের আড়তে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় পাইকারি মাছ কেনাবেচা। দূর দূরান্তের পাইকার ও  ব্যবসায়ীরা মাছ কিনতে ভিড় করেন এখানে। ক’দিন ধরে আড়তে সরবরাহ কমেছে পুকুর, জলাশয় ও বিলের মাছের। এই সুযোগে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বাজার নিয়ন্ত্রণ না থাকায় মাছের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতা।

thumbnail_Madaripur_25-11-25_(FISH_BAZAR)_Pic_(1)

বিক্রেতারা বলেছেন, একদিকে নদনদীতে কারেন্ট জাল ব্যবহার করায় দেশি মাছের প্রজনন হারিয়ে যাচ্ছে। অন্যদিকে, সরবারহ কমের মধ্যে বাজারে বেড়েছে দেশি মাছের চাহিদা। তাই দাম কিছুটা বাড়তি।

মহিষেরচর এলাকা থেকে আসা ক্রেতা মুনসুর মিয়া বলেন, মাছের বাজারে তো আগুন লেগেছে। অল্প আয়ের অর্থ দিয়ে মাছ কিনে খাওয়ার মতন সামর্থ্য অনেকেরই নেই। আমরা চাই বাজার সবসময় নিয়ন্ত্রণে থাকুক।

thumbnail_Madaripur_25-11-25_(FISH_BAZAR)_Pic_(10)

হোটেল ব্যবসায়ী মিলন হোসেন বলেন, বাজারে আসলেই মাছের দাম বেশি পাওয়া যায়। দেশি মাছের সরবরাহ কমের অযুহাতে বিক্রেতারা সারা বছরই দাম বাড়তি রাখে। আমাদের মাছ কিনে খেতে হয়, তাই ক্রেতা হিসেবে কিছুই করার নেই।

 

মাদারীপুরের পুরাণ বাজার পাইকারি মৎস আড়ত সমিতির সভাপতি মোসলেম মাতুব্বর বলেন, বাজারে কোনো দেশি মাছ নাই, নদনদীর মাছের সরবরাহ কম। ক্রেতা বেশি। তাই কিছুটা দাম বেড়েছে। তবে, ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। সবাই দেশি মাছ খেতে চায়, কিন্তু দিনে দিনে এই দেশি মাছের সরবরাহ কমে যাচ্ছে। এজন্য কারেন্ট জালের ব্যবহারই মূল কারণ।

প্রতিনিধি/টিবি