Dhaka Mail Logo

সারাদেশ

ফুলেল শ্রদ্ধায় তাজরিন ট্র্যাজেডি স্মরণ

উপজেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

ঢাকার সাভারে ভয়াবহ তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে হতাহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন গার্মেন্টসের সামনে প্রতি বছরের মতো জড়ো হতে থাকেন শ্রমিকরা।

এরপর নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন।

এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, আজকে তাজরিনের ১৩ বছর কিন্তু এ ঘটনায় কোনো বিচার এখনো হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছেন। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। আমাদের দাবি তাজরিনের এই ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতালে তৈরি করা হোক ও খুনি দেলোয়ারের ফাঁসি হোক।

এ সময় সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তাজরিনের আহত শ্রমিক নাছিমা আক্তার বলেন, আজ তাজরিন ঘটনার ১৩ বছর হয়ে গেলো। তারপরও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পেলাম না। বেঁচে থাকার জন্য শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন। সবাই এই দিনটির কথা ভুলে গেলেও আমরা কোনভাবেই ভুলতে পারি না।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে অবস্থিত তোবা গ্রুপের গার্মেন্টস কারখানা তাজরিন ফ্যাশন লিমিটেড এর মালিক দেলোয়ারের পরিকল্পিত লাগানো আগুনে ১১৪ শ্রমিক নিহত এবং ১৭২ জন শ্রমিক গুরুতর আহত ও বহু শ্রমিক আহত আহত হয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সু চিকিৎসা, পুর্নবাসন, ক্ষতিপূরণ, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার হয়নি।

তিনি বলেন, বিগত সরকার শ্রমিকদের সু-চিকিৎসা, পুর্নবাসন, ক্ষতিপূরণ, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করেনি বরং দলীয় পদ পদবী দিয়ে পুরস্কৃত করেছেন। বর্তমান সরকার শ্রমিকদের বার বার আশ্বাস দিয়ে দিয়ে আসছেন কিন্তু আশ্বাস বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখছি না। সবাই শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গামেন্টেসে অগ্নিকাণ্ডে প্রায় ১১৭ জন শ্রমিক নিহত হন। এছাড়া আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক।

প্রতিনিধি/টিবি