images

রাজনীতি

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই জামায়াতের: পরওয়ার

ঢাকা মেইল ডেস্ক

২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম

ঢাকায় কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের কোনো শঙ্কা নেই। তবে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি সরকারকে বিবেচনা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীতে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরওয়ার এসব কথা বলেন।

আরও পড়ুন: ইমামদের এই সমাজের দায়িত্ব নিতে হবে: জামায়াত আমির

তিনি জানান, বৈঠকে কমনওয়েলথের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এছাড়াও গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন, নির্বাচনী সংস্কারসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।

জামায়াত নেতা আরও বলেন, ‘আমরা দেখছি না যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। তবে আমরা ভাগ বাটোয়ারার রাজনীতি করি না।’

তিনি উল্লেখ করেন যে বৈঠকে নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কিত বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।