images

সারাদেশ

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিস্ট হব না: তানিয়া রব

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিস্ট হব না। বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য সাজা দেওয়া হয়েছে, একাউন্টে থাকা সত্ত্বেও মামলা দেওয়া হয়েছে। নিজেরা (আওয়ামী লীগ নেতা-কর্মীরা) শত শত কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া ও ঘর বাড়ি করেছে। এখন তারা পালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানিয়া রব বলেন, আ স ম রব যেভাবে বিগত দিনে রামগতি ও কমলনগরের মানুষের উন্নয়নে কাজ করেছে আগামীতেও সে উন্নয়ন অব্যাহত থাকবে। এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই একাট্টা হয়ে রামগতির উন্নয়নের জন্য কাজ করব। কে কি উন্নয়ন করেছে সেটা মানুষ বিবেচনা করবে।

আরও পড়ুন

আমাদের আন্দোলন ছিল সুষ্ঠু নির্বাচনের জন্য: বিএনপি নেতা আনু

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ডামি ভোট করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এখনই সময়, সবাই আগামী নির্বাচনে ভোট দেবেন।

চরগাজী ইউনিয়ন জেএসডির সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, জেএসডির জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।

প্রতিনিধি/এসএস