জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউল ইসলাম রাফির (২২) জানাজা শেষে নামজগড় আঞ্জুমান ই গোরস্থানে দাফন করা হয়।
শনিবার (২২ নভেম্বর) বাদ জোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন।
রাফিউল ইসলাম রাফি বগুড়া শহরের খান্দার এলাকার ওসমান গনির ছেলে। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত রাফির বাবা ওসমান গণি বলেন, রাফির মা এখনও হাসপাতালে৷ তাকে ঢাকা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, জানাজা শেষে ছেলের মৃত্যুর খবর তার মাকে জানানো হয়। যদিও চিকিৎসক বলেছেন ৭২ ঘণ্টা তাকে কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। কিন্তু দাফনের আগে ছেলেকে শেষবারের মতো দেখানো ছাড়া কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে এই কঠিন কাজটি করতে হয়েছে।
রাফিউল ইসলাম রাফি স্কুল জীবন কাটিয়েছে বগুড়া ওয়াইএমসিএ স্কুল এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে। এরপর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে মেডিকেল কলেজে ভর্তি হয়। দুই ভাইবোনের মধ্যে রাফি ছিল ছোট। বড় বোন রাইসা বর্তমানে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। রাফির বাবা সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ।
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা শেষে রাফির মরদেহ বগুড়ায় আনা হয়।
অন্যদিকে, ভূমিকম্পের সময় ছেলের সঙ্গে থাকা রাফির মা আহত হন। পরে তাকে বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে মাংস কিনতে বের হলে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রাফি নিহত হয়।
প্রতিনিধি/এসএস