জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলায় ভূমিকম্পের আতঙ্কে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় উপজেলার আমতৈল গ্রামের স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
পোশাককর্মী আল আমীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাগুরায় ভূমিকম্প অনুভূত হলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা প্রাণভয়ে গার্মেন্টসের দ্বিতীয়তলায় কর্মরতরা দ্রুত ভবন থেকে রাস্তায় নেমে আসেন। এসময় অনেক নারী কর্মীর মাথা ঘোরা ও বমি শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অসুস্থদের মধ্যে ২০জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ২৮ জন অসুস্থ কর্মীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুস সাকিব জানান, অনেক লোক একসঙ্গে কাজ করছিলেন। ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তারা। এই আতঙ্ক সবার মাঝে ছড়িয়ে গিয়ে ম্যাস হিস্টিরিয়া হয়েছে। রোগীদের মধ্যে আতঙ্ক কাজ করায় এই সমস্যা হয়েছে। তবে কারো শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই। সময়ের সঙ্গে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়তে থাকে।
গার্মেন্টসের প্রশাসনিক প্রধান মো. আমান উল্লাহ বলেন, যখন ভূমিকম্প অনুভূত হয়, তখন কর্মীরা বাইরে চলে আসে। আমি বাইরে এসে কর্মীদের সঙ্গে কথা বলি। তখন কর্মীরা জানায়, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কাজে যোগদান করব। তখনও কর্মীদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এর কিছু সময় পর আতঙ্কের কারণে অনেকে অসুস্থ পড়লে তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ভবনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ও শ্রীপুর থানার পুলিশের পক্ষ থেকে গার্মেন্টস পরিদর্শন করেছেন। তাতে তারা গার্মেন্টস ভবনের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি।
মাগুরা শ্রীপুর উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা সামসুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ৫ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা পোশাক শ্রমিকদের উদ্ধারে যাই। সেখানে আতঙ্কিত হয়ে অনেক শ্রমিক অসুস্থ হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। তবে এ ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, শ্রীপুরের ওই গার্মেন্টসে ভূমিকম্পের সময় আতঙ্কে জ্ঞান হারিয়ে এই অসুস্থতার ঘটনা ঘটেছে। তারা সবাই এখন সুস্থ। তবু পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রতিনিধি/এসএস