জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকজন গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে। এরপর ভোর সাড়ে ৪টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিনিধি/টিবি