images

সারাদেশ

নরসিংদীতে মান্নান ভূঁইয়ার আসনে ধানের শীষ চান মঞ্জুর এলাহী

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম

নরসিংদীর শিবপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসভা ও মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এটি দলের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার আসন হিসাবেই অধিক পরিচিত।  

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই জনসভা ও মিছিলের আয়োজন করা হয়।

সভায় দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানানো হয় যেন শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী মনজুর এলাহীকে দলীয় মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেওয়া হয়।

জনসভা শেষে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে একটি গণমিছিল বের হয়। মিছিলটি ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নরসিংদী-৩ (শিবপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, ‘বিগত সময়ে দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব। প্রয়োজনে নিজের জমি বিক্রি করে হলেও সকল নেতা-কর্মীর পাশে থাকব।’

প্রতিনিধি/একেবি