images

সারাদেশ

পঞ্চগড়ের তাপমাত্রা আবারও নামল ১৪ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৫, ০৮:০৯ এএম

কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমশীতল বাতাস ও হালকা কুয়াশায় ঠান্ডা অব্যাহত রয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় আবারও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

এদিকে, গত কয়েক ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত তেঁতুলিয়ায় কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

অপরদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গেছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

প্রতিনিধি/টিবি