images

সারাদেশ

শ্রেণিকক্ষে হয় রান্না, রয়েছে পুরাতন কাপড়

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

শ্রেণিকক্ষে সাজানো রয়েছে থালা-বাসন, পুরাতন কাপড় ও গ্যাসের চুলার ওপর একটি পাত্র। আছে বেশ কয়েকটি গ্লাস, জগ, তিনটি বেঞ্চ, টেবিল ও চেয়ার। ভেতরে বসে খেলা করছে দুই শিশু। এমন দৃশ্য দেখা যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরুনা কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অনুমতি নিয়ে ভবনের দুই তলায় গিয়ে চোখে পড়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছাকে। তিনি চতুর্থ শ্রেণির কক্ষে অবস্থান করছেন। ৩০ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১২ জন। সেখানে ছিলেন শিক্ষক হালিম আনোয়ারী।

উপস্থিতি কম কেন জানতে চাইলে তিনি বলেন, একদিন একটু বাড়ে, আরেক দিন একটু কমে। তবে সব সময় এ রকমই থাকে।

তৃতীয় শ্রেণির কক্ষে প্রবেশ করতেই দেখা যায়, শিরিন আক্তার নামের এক শিক্ষক পাঠ দিচ্ছেন। মোট শিক্ষার্থী ২৫-এর মধ্যে উপস্থিত ৬ জন।

অন্যরা কোথায় জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, এই রকমই উপস্থিত দীর্ঘদিন হলো। কেউ না এলে শিক্ষকরা খবরও নেয় না।

শিক্ষক হালিম বলেন, প্রধান শিক্ষক একটি প্রশিক্ষণে গেছেন। অন্য চারজন শিক্ষকের মধ্যে উপস্থিত আছেন তিনজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা আক্তার জানান, তার বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৪০ জন।

উপস্থিতি থাকে খুবই কম। তবে চেষ্টা করছেন উপস্থিতি বাড়াতে। শ্রেণি কক্ষে কেন রান্না-বান্নার কাজ করা হয় জানতে চাইলে তিনি বলেন, রান্না নয়, ওই কক্ষে চা বানানো হয়, অনেক সময় নামাজ পড়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা বলেন, আমি এই প্রথম (গত প্রায় ৩ বছরে) এই বিদ্যালয়ে এসেছি। এসে যা দেখলাম, তা দুঃখজনক। অনেক কিছুতেই অবহেলা রয়েছে। তা ছাড়া শ্রেণিকক্ষে রান্নাবান্না করা অপরাধ। এটা অন্যায় করছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি