জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
ময়মনসিংহের ভালুকায় সরকার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদা কান্দা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা সরকার পরিবহনের এক বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, লাশ উদ্ধার এবং ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/টিবি