জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) ও একই এলাকার মো. শাহিন আলম (১৮)। এছাড়া বিএসআরএম গাড়ির চালক মো. ইউসুফ নামে একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে তিন যুবক ফেনীতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বারইয়ারহাট ধুমঘাট এলাকায় মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-ল ১৬-৫১৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মো. রাসেল উদ্দিন মারা যায়। আহত মো. শাহিন আলম ও মো. ইউসুফকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহিন আলম মারা যায়।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মো. রাসেল উদ্দিন মারা যায়। আহত অবস্থায় মো. শাহীন আলম মো. ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মো. শাহীন আলম মারা যায়। নিহত রাসেল ও শাহীনের আজ রাতে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি বলেন, নিহত মো. শাহীন আলম ছোট থাকা অবস্থায় তার মা-বাবা মারা যায়। এরপর থেকে তার চাচার পরিবারের আদরে বড় হয়ে। শাহীনরা দুই ভাই ছিলো। পাসপোর্ট রেডি করছে বিদেশ যাবে বলে। তার আগে বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারিয়া বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আব্দুল্যাহ আল মামুন বলেন, মোটরসাইকেলে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/এজে