Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে চেকপোস্টে মাদকসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল ফেনসিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আজ ভোরে হাজীগঞ্জ সদর এলাকায় চেকপোস্ট পরিচালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাসহ থানার কর্মকর্তারা।

গ্রেফতার যুথি নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ড্যান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছেন সেজন্য এগুলো সঙ্গে এনেছেন।

অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।

আরও পড়ুন

কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোরে হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও ফেনসিডিল পাওয়া যায়। মাদকসহ তাদেরকে গ্রেফতার ও গাড়ি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস