জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ১০:০১ এএম
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ফেসবুকে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ছড়িয়ে পরা ভিডিওটি আনোয়ারুল ইসলাম সদ্যপুষ্করিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্যের।
১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম একজন ব্যক্তির সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক সেবনের ভিডিওটির বিষয়ে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নেওয়ার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী ও সুধী সমাজ ।
স্থানীয় ব্যক্তি গোলাম রসুল বলেছেন, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
একই দাবি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন। তারা বলেন, একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে মাদক সেবন করেন। যার ধারাবাহিকতায় এই মাদকের ভিডিও প্রকাশ হয়েছে। একজন জনপ্রতিনিধির মাদক সেবনের ভিডিও থেকে ওই ইউনিয়নের তরুণরা কি শিক্ষা নিবেন।
এদিকে, মাদক সেবনের ভাইরাল ভিডিওর বিষয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ভিডিওটি দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি