জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টির রাজনীতি পরিচ্ছন্ন। আমরাও পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। তাই আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা এসব বলেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র উপদেষ্টা আছে গুরুত্বপূর্ণ জায়গায়। তাদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এজন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার।
মোস্তফা বলেন, আমরা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের মত অন্যান্য দলগুলোও নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
জাপার এই নেতা বলেন, বর্তমানে আইনের কোনো শাসন নেই। আদালতে বিচার প্রার্থীদের ডিম ছুড়ে অপদস্থ করা হচ্ছে, যা বিশ্বের মধ্যে একটি খারাপ কিছুর দৃষ্টান্ত তৈরি করেছে। দেশের মানুষ কোনো দিক থেকেই ভালো নেই। দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছে, সেই স্বপ্ন পূরণের কোনো কিছু নেই। দেশ অন্ধকার অমানিসার দিকে যাচ্ছে। বরং শেখ হাসিনার থেকেও খারাপ অবস্থায় চলে যাচ্ছে দেশ।
বৈষম্য প্রসঙ্গে মোস্তাফা বলেন, দেশে বৈষম্য নিরসন হয়নি। বরং বৈষম্য বেড়েছে। জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না, নির্বাচন করতে দেওয়া যাবে না, সভা সমাবেশ, মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। আজও জাতীয় পার্টির আলোচনা সভা পুলিশকে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারা শেখ হাসিনার ছবি ছাপিয়ে নির্বাচন করেছে, আওয়ামী লীগের চিহ্ণিত দালালদের দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার জন্য শত চেষ্টা করছেন। লাঙল প্রতীক নিয়ে টালবাহান করছেন। তাহলে কি দেশ থেকে বৈষম্য দূর হয়েছে। হয়নি বরং বৈষম্য বেড়েছে।
জুলাই সনদ প্রসঙ্গে মোস্তফা বলেন, জুলাই সনদ যেকোনো মুহূর্তে বাতিল হতে পারে । সংবিধান ছাড়া আইনি ভিত্তি দেখার কোনো সুযোগ নেই।
উপজেলা দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান নাজিমসহ অন্যান্য নেতারা। সঞ্চালনা করেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম।
ক.ম/