জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম
ময়মনসিংহে এনসিপি নেতার সঙ্গে শ্রমিকদের বিতণ্ডা ও সংঘর্ষের জেরে নেত্রকোনা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মোটরযান শ্রমিকেরা।
রোববার (১২ অক্টোবর) নেত্রকোনা থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সকাল থেকে বাসগুলো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অসংখ্য যাত্রীকে বাস না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে শ্রমিকদের সঙ্গে এনসিপি নেতাদের সংঘর্ষ ও হুমকি-ধমকির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই ময়মনসিংহ জেলা বাস-মোটরযান শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করে।
এর ফলে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নেত্রকোনা থেকে ঢাকা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে সব ধরনের বাস চলাচল। একইসঙ্গে নেত্রকোনা থেকেও বন্ধ রয়েছে দূরপাল্লা ও স্বল্পপাল্লার সব বাস।
বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। কেউ মাইক্রোবাস, পিকআপ বা ট্রাকযোগে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে একদিকে যেমন বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি, অন্যদিকে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ বাস বন্ধের কারণে তাদের নানান গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। কেউ চিকিৎসার জন্য, কেউবা পরীক্ষা দিতে যাচ্ছিলেন— কিন্তু যানবাহন না পেয়ে পড়েছেন বিপাকে।
নেত্রকোনা জেলা বাস-মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল জলিল বলেন, আমাদের শ্রমিকদের ওপর অন্যায় আচরণ হয়েছে। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আসব না।
![]()
এদিকে নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, এটি ময়মনসিংহের একটি ইস্যু। নেত্রকোনার গাড়িগুলো যেহেতু ওই রুট ব্যবহার করে, তাই এখান থেকেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দীর্ঘসূত্রিতার কারণে বাস চলাচল স্বাভাবিক না হলে রাজধানীসহ বিভিন্ন স্থানে নেত্রকোনা-ময়মনসিংহ রুটের সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস