জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
নারায়ণগঞ্জের কাঁচপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে মা-ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক।
নিহতরা হলেন— মিতু (২২) ও তার পাঁচ বছরের ছেলে রোহান। মিতু ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে।
জানা গেছে, মিতুকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
মিতুর মা নূর সাহারা বেগম বলেন, আমার মেয়ের স্বামী একজন দিনমজুর। ওদের সংসারে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। আজ দুপুরেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আমার বাসায় এসে মেয়ে নিজে বিষ খায়, ছেলেকেও বিষ খাওয়ায়। পরে ঢাকা মেডিকেলে আনার পর আমার নাতি রোহানকে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মেয়েকে ভর্তি করা হয় মেডিসিন ওয়ার্ডে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়। আমার সব শেষ হয়ে গেল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মা ও ছেলেকে রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। পরে মাকে ভর্তি করা হলেও তার অবস্থার অবনতি হয়। একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি