images

সারাদেশ

বিএনপির প্রতীক নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক: হাবিব-উন নবী

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণির লোক প্রশ্ন তুলেছে যা অযৌক্তিক। কেননা তারা তাদের প্রতীকের জন্য আবেদন করতেই পারে, সেটা নির্বাচন কমিশন মানবে কি না তাদের ব্যাপার। সে বিষয়ে কিছু বলার নেই। তবে ইতোপূর্বে যে প্রতীক নিয়ে নির্বাচন হয়েছে যুগ ‍যুগ ধরে। সেই প্রতীক নিয়ে তারা বিরোধিতা করছেন, এটা মানুষও ভালোভাবে দেখছেন না।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা নিয়ে হাবিব-উন নবী খান সোহেল বলেন, দেশে কবে ফিরবেন এবং দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি সম্প্রতি খোলামেলা আলোচনা করেছেন। তারপরও বলব, তিনি ঠিক সময়ে দেশে ফিরবেন এবং আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। একটি আসনে শুধু একজন প্রার্থী না, অনেক প্রার্থী আছে। প্রায় সব আসনে ৮-১০ জন প্রার্থী রয়েছে। তাই জনগণের সুযোগ সুবিধা যে দেখভাল করতে পারবে এবং দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দিবে।

আরও পড়ুন

‘পিআর নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি’

এরপর সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,  অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু ৮ অক্টোবর বুধবার দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিনিধি/এসএস