Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৫, ০২:০৯ এএম

চাঁদাবাজির মামলায় পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও একই দণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাঙামাটির বিশেষ জজ আদালত-২-এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর রাঙামাটির লংগদু উপজেলায় চাঁদাবাজির ঘটনায় মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাকে আসামি করে মামলা করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মাইকেল ও সুমনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন, তবে ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার সময় লংগদুর ভাইবোনছড়া এলাকায় খুন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিযানে গেলে মাইকেল চাকমাকে একটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় লংগদু থানার এএসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এরপর টানা পাঁচ বছর নিখোঁজ থাকার পর ২০২৪ সালের ৭ আগস্ট তিনি মুক্তি পান। এ সময় তাকে ‘আয়নাঘরে’ (গোপন স্থানে) আটক রাখার অভিযোগ ওঠে।