জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম
নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মমতাজ বেগম উপজেলার একই এলাকার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর গত একযুগ ধরে বাড়িতে একাই বসবাস করে আসছিলেন মমতাজ বেগম। ছেলে জাকির হোসেন তাদের অন্য একটি বাড়িতে থাকেন এবং মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। মমতাজ বেগমকে দেখা শোনার জন্য দুইজন গৃহকর্মী ছিলেন। গৃহকর্মী সুফিয়া বেগম (৪০) বাড়ির কাজ করে সন্ধ্যায় চলে যায়। এবং রাতে দায়িত্বে থাকেন কাজী আবু শামা (৬১)। আবু শামা মসজিদে এশার নামাজ পড়তে যান। নামাজ শেষ করে বাড়িতে ফিরে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় নিজ ঘরের মেঝেতে পড়ে আছেন। এবং তার মুখমণ্ডল থেতলানো। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মমতাজ বেগমকে উদ্ধার করে পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম থানা পুলিশ। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী কাজী আবু সামা ও সুফিয়া বেগম ও তার ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বড়াই গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
প্রতিনিধি/টিবি