জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
লালমনিরহাটের আদিতমারীতে লিপন চন্দ্র দ্বীপ (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাতিটারি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দ্বীপ ওই গ্রামের মৃত ভূপেন্দ্র নাথের ছেলে এবং ঢাকাস্থ ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করতেন দ্বীপ। এসময় ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে তিনি বিপুল অর্থ হারান এবং ঋণগ্রস্থ হয়ে পড়েন। পূজার ছুটিতে বাড়ি এসে স্থানীয় ঋণের চাপে হতাশায় ভুগছিলেন তিনি।
নিজ ঘরে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপে দিশেহারা হয়ে দ্বীপ আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।