জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ রাজু নামের এক ব্যক্তির মালিকানাধীন ঝুট আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোনাবাড়ীর আমবাগ নজর দীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে ঝুটের গুদামে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
প্রতিনিধি/ এজে