Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাট-সান্তাহার রুটের বামনডাঙ্গা থেকে কাউনিয়া পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পীরগাছা রেলস্টেশনের উত্তর পাশে একটি পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনের ২ নম্বর লাইনে অপেক্ষা করছিল। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেওয়ার সময় একটি পয়েন্ট ভেঙে যায় এবং ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।

ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে রংপুর অঞ্চলের তিন জেলার সঙ্গে সারা দেশের আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং চার জেলার সঙ্গে সক্রিয়ভাবে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। করতোয়া ও দোলনচাপা ট্রেনসহ একাধিক ট্রেন পথে আটকা পড়ে আছে। হঠাৎ এই দুর্ঘটনায় কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে, দুর্ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলমান। রাতের মধ্যেই একটি লাইন সচল করার চেষ্টা চলছে, তবে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।’

প্রতিনিধি/একেবি