Dhaka Mail Logo

সারাদেশ

বাগেরহাটে চলছে ৩ দিনের হরতাল কর্মসূচি

জেলা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল থেকে শুরু হয়েছে তিন দিনের হরতাল কর্মসূচি। তবে পূর্ব ঘোষিত টানা তিন দিনের হরতালের পরিধি ও সময় কিছুটা কমিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় ভ্যান-রিকশা ইজিবাইক হরতালের আওতামুক্ত রেখে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে সকাল-সন্ধ্যা হরতাল। 

পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি সেবাদানেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না। তবে সরকারি অফিস-আদালতের ওপর কঠোর নজরদারি রাখছে আন্দোলনকারীরা। মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হবে এ হরতাল।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রেস ব্রিফিং করে হরতালের এ পরিধি ও সময় ঘোষণা করেন।

তবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম.এ সালাম বলেন, জনগণের ভোগান্তি কমাতে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলবে। তবে মহাসড়কে কোনো প্রকার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক চলবে না। স্থানীয় যোগাযোগের ছোট সড়ক হরতালের আওতামুক্ত থাকবে।

এছাড়া সামনে সনাতন ধর্মালম্বীদের পূজা রয়েছে। যার ফলে ব্যবসাপ্রতিষ্ঠানও হরতালের আওতামুক্ত থাকবে। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতালের আওতার বাইরে থাকবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জানান, আমরা উচ্চ আদালতে রিট করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি আগামী সপ্তাহে শুনানি হবে। আমরা কাঙ্ক্ষিত আসন ফিরে পাব।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখা হয়। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

প্রতিনিধি/ এমইউ