images

সারাদেশ

প্রথম বিসিএসে দুই বোন স্বাস্থ্য ক্যাডার

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করেই রাজবাড়ীর আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

বিসিএসে একসঙ্গে দুই বোনের সাফল্যে আনন্দে ভাসছে পরিবারটি।

শশী ও আরশি রাজবাড়ী শহরের ভবানীপুরের বাসিন্দা রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা দম্পতির মেয়ে। তারা রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মরহুম আব্দুল গফুর সাহেবের নাতনি। এছাড়া তারা দু’জন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল এবং রাজবাড়ী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মাহমুদুল হাসান তমালের ভাগ্নি। 

শশী ও আরশি তিন ভাই বোন। তাদের একমাত্র ভাই আশিক ইলাহি আলিফ রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

জানা গেছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সিলমা সারিকা শশী ও সিলমা সুবাহ আরশি দু’জনই ২০১৫ সালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর সিলমা সারিকা শশী ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সিলমা সুবাহ আরশি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখান থেকে তারা ২০২২ সালে এমবিবিএস পাশ করে। এরপর তারা একসঙ্গে ইন্টার্নি করেন। পরে তারা দু’জনই বিসিএসের প্রস্তুতি নিয়ে ৪৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

শামসুন নাহার হলের এজিএস হলেন রাজবাড়ীর সুজানা

শশী-আরশির বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী বলেন, আমার দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী। তাদের স্বপ্ন ছিল তারা বড় হয়ে চিকিৎসক হবে। সেই লক্ষ্য নিয়ে তারা পড়ালেখা করেছে। আমি এবং তাদের মা আমরা দু’জনই আমার দুই মেয়েকে মানসিকভাবে সবসময় সাপোর্ট করেছি। তারা দুই বোনই একই বয়সী হওয়ায় এসএসসি ও এইচএসসি একই স্কুলে একইসঙ্গে পড়েছে। সেখানে তারা দু’জনই জিপিএ-৫ পেয়ে পাস করে। শশী ময়মনসিংহ মেডিকেল ও আরশি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পূর্ণ করে। পরে তারা বিসিএসের প্রস্তুতি নিয়ে ৪৮তম বিসিএস পরীক্ষা দেয়।

গত ১১ সেপ্টেম্বর তাদের ফলাফল প্রকাশ হলে তারা দুই বোনই স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তাদের জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিল এটি। আমি আমার দুই মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।

শশী-আরশির মামা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল বলেন, আমার দুই ভাগ্নির একসঙ্গে বিসিএস জয়ে আমরা খুবই আনন্দিত। তারা যেন ভবিষ্যতে মানুষের জন্য কাজ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা থাকবে। দুই বোনের এই সাফল্যে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজনের পাশাপাশি ভবানীপুর গ্রামবাসী আনন্দিত। তারা সবার কাজে দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

প্রতিনিধি/এসএস