Dhaka Mail Logo

সারাদেশ

রংপুর জেলা স্টেডিয়ামের নতুন নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে এখন ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে রংপুর স্টেডিয়ামকে  ‘শেখ রাসেল স্টেডিয়াম নামকরণ করা হয়েছিল। গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জেলা পর্যায়ের ২৩টি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। এর অংশ হিসেবে রংপুরের স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত স্টেডিয়ামে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা এ নামকরণকে স্বাগত জানালেও রংপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবিকে সামনে এনেছেন তারা।

শহীদ আবু সাঈদের বন্ধু শাহরিয়ার সোহাগ বলেন, স্টেডিয়ামের নামের পরিবর্তনের চেয়ে মানের পরিবর্তন অধিক প্রয়োজন ছিল। রংপুর স্টেডিয়াম এখনও একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। অথচ রংপুর এখন বিভাগীয় নগরী। তারপরও এটি এখনো বিভাগীয় স্বীকৃতি পায়নি। তাই আমাদের দাবি, প্রথম ধাপে রংপুর স্টেডিয়ামকে একটি আধুনিক বিভাগীয় স্টেডিয়ামে উন্নীত করা হোক। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করি শুধু নামকরণেই সীমাবদ্ধ না থেকে স্টেডিয়ামের কাঠামোগত উন্নয়ন, আধুনিকীকরণ ও খেলাধুলার প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাহলেই শহীদ আবু সাঈদের নাম সত্যিকারের মর্যাদা পাবে। রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, আমরা আশা করি সরকার এই দাবি বাস্তবায়নে সচেষ্ট হবে।

উল্লেখ্য রংপুর স্টেডিয়াম ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। এটি রংপুর সিটি কর্পোরেশনের রংপুর ক্রিকেট গার্ডেন এর উত্তরে পুলিশ লাইন ও ইসলামপুর জামে মসজিদ এর পাশে অবস্থিত। ২০২২ সালের ২৮ মে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ‘শেখ রাসেল স্টেডিয়াম’ করা হয়েছিলো। স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন এবং অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে স্থানীয় রংপুর জেলা ক্রীড়া সংস্থা।