জেলা প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০৬:২১ পিএম
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুশাসনের জন্য দুর্নীতি হলো প্রধান বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আত্মসমালোচনা দরকার। যদি সবাই সবার দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দুর্নীতি কমানো সম্ভব হবে। কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়ন করা হয়।
মেয়র বলেন, নগরীর প্রতিটি ঘরে সিটি কর্পোরেশনের সেবা পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক কমিটিকে শক্তিশালী করতে হবে। নাগরিকদের সেবা দেওয়া ও তাদের সেবা গ্রহণে সমন্বয় সৃষ্টি করতে জনমত গঠন জরুরি। তিনি উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করার আহ্বান জানান।
তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রোববার (২৬ জুন) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম, মো. আলী আকবর, অ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু ও সচিব মো. আজমুল হক প্রমুখ।
কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন শাখার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিনিধি/এএ