Dhaka Mail Logo

সারাদেশ

‘ভাত না জোটার দেশে হাঁসের মাংস-বিলাস মোটেই শোভনীয় নয়’

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৫, ০৬:৩২ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দু’বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস-বিলাস আমাদেরকে কষ্ট দেয়। এটা মোটেই শোভনীয় নয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।

আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে, তারা সবার আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কি চাইছে? পিআর চাইছে, নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে।

আরও পড়ুন: ‘আমাদের বহুভাবে চোখ রাঙানি দেওয়া হচ্ছে’

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আলাল।

সেখানে তিনি বলেন, যারা নির্বাচন হতে দেবে না, তারা নিজেদের অপরিপক্বতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ-সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে। যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক।

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা চাইবো ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ, একাউন্টেবল গভর্মেন্ট (দায়বদ্ধ সরকার) না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। 

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। 

প্রতিনিধি/ এমইউ