জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ০৮:০৩ এএম
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী ছিলেন। তারা সীতাকুণ্ড থেকে পিকআপযোগে ফিশারিঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।
নিহতদের মধ্যে রয়েছেন রনি দাশ, অজিত দাশ, দীপু দাশ, কোকিল দাশ ও অগ্নি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মারুফ।
তবে নিহতদের পরিচয় নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, নিহতদের মধ্যে আকাশ দাশ (২৮) ও কালা দাশ (৩০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছেন সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ ও দীপু দাশ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান।
ফায়ার সার্ভিস আরও জানায়, নিহত সবাই মাছ ব্যবসায়ী এবং দুর্ঘটনায় পড়া পিকআপ ভ্যানে মোট ১০ জন যাত্রী ছিলেন। উদ্ধার কাজ শেষে মরদেহগুলো পুলিশি হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
/প্রতিনিধি/