Dhaka Mail Logo

সারাদেশ

ডাকযোগে চিঠিতে দুই জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৫, ০৭:৫২ এএম

পিরোজপুরের নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতার নামে আসা চিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছাড়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। চিঠি পাওয়ার পর ওই জামায়াত নেতারা উপজেলা জামায়াত নেতাদের পরামর্শে নেছারাবাদ থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিষ্ট্রিকৃত একটি চিঠি আসে। চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়। একইসঙ্গে ওই নেতার কাছ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। চিঠির খামের ওপর প্রেরকের নাম মো. কবির মিয়া। ঠিকানা- নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম বলে উল্লেখ রয়েছে।

1000139856

এর আগে গত ১৩ আগস্ট একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকে রাজনীতি ছাড়তে চিঠিতে হুমকি দিয়ে রেজিষ্ট্রিকৃত চিঠি পাঠানো হয়। ওই চিঠির খামের ওপরে প্রেরকের নাম লেখা ছিল মো. জাহিদ সিকদার। তিনি নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি অপু গ্রেফতার

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম জানান, আমাদের দলের ইউনিয়নের দু’জন নেতাকে ডাকযোগে রেজিষ্ট্রিকৃত চিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

Latter

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে উল্লেখিত মোবাইল নাম্বার ট্র্যাকিং করে জানতে পেরেছি, নাম্বারগুলো চট্টগ্রামের। তারপরও বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান।

প্রতিনিধি/এসএস