জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ০৮:৩৮ পিএম
মাদারীপুরে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণভোজের অনুষ্ঠান থেকে জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান ও বাদল শিকদার।
উল্লেখ্য, ১৯৭৫ সালের আজকের দিকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠুর বাড়িতে দোয়া ও গণভোজের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। পরে সেখানে গণভোজ থেকে তিন জনকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ সেখানে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে তাদেরকে আটক করা হয়েছে। আটকদের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস