Dhaka Mail Logo

সারাদেশ

গভীর রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ভেঙে দিল ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পমাল্যটি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে অর্পণ করা হয়। তবে দুপুরের দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রেখে যান। এসময় রাসেলের পরিচয় শনাক্ত হলেও বাকিদের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গভীর রাতে দু’জন ব্যক্তি এসেছিল। একজন ফুল দিয়েছে, আরেকজন মোবাইল ফোনে ভিডিও করছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, কলারোয়ায় মুজিব প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা। বাহ, বাহ, ইউএনও বাহ! ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষছে?

তিনি আরও লেখেন, ইউএনও কীভাবে মুজিব রেখে অফিস করত? এই জুলাই বিপ্লবের পরেও তিনি কীভাবে বলেন- ভাঙার দরকার নেই, এখানে আমরা অন্য কিছু বানাব।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ থাকায় মন্তব্য জানা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এসএস