জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ০৭:২৩ এএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
নিহত যাত্রীর নাম মনির হোসেন (২৩)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে।
আহতরা হলেন— সিলেট সদরের কাশটুলা এলাকার তাহির মিয়া মেয়ে রুমানা বেগম (১৮) ও আব্দুল হকের ছেলে আরিফুল হক (২৪)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ বলেন, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে এক অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা দেয়। জগতপুর এলাকায় আসা মাত্র বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী মনির হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। এরমধ্যে যাত্রী রুমানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, চাপা দেওয়া অজ্ঞাত গাড়ির সন্ধান ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি