জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাফি আহমেদ (২৮) রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে দেখতে পান, খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার নিথর দেহ।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, আমরা ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়েছি, এটি হত্যাকাণ্ড। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/ এজে