images

সারাদেশ

গজারিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২২, ০৪:০৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় রড ছুরি সন্দেহে গণপিটুনিতে রাসেল বাবু (২৬) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) রাত ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের আশ্রাবদী এলাকায় পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল পরিবহন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল বাবু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খটকটিয়া গ্রামের মো.মোখলেছুর রহমানের ছেলে। সে হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের লিখন দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে আশ্রাবদী এলাকায় জ্বালানি তেল পরিবহন প্রকল্পের পাশে সড়কে সিএনজি চালিত অটোরিকশা রেখে রাসেল বাবু, জাহিদ ও ইমন ভিতরে প্রবেশ করে। এসময় প্রকল্পের খন্ড খন্ড রড চুরি করে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত সিকিউরিটি দেখে ফেলে। পরে তিনজন কে ধরে গাছের সাথে বেঁধে গনপিটুনি দিলে একজন নিহত এবং দুজন আহত হন।

নিহত রাসেল বাবুর স্ত্রী কুলসুম বেগম জানান, রাত ৩ টার দিকে অচেনা নাম্বার থেকে ফোন দিয়ে বলে আমার স্বামী অসুস্থ্য আশ্রাবদী এলাকায় আছে। পরে খবর শোনে আমি ঘটনার স্থলে গিয়ে দেখি আমার স্বামীকে গাছের সাথে বেঁধে রেখেছে। স্বামী কে জিজ্ঞেস করলে সে আমাকে জানান তিনি যাত্রী নিয়ে যাওয়ার পথে চোর সন্দেহ করে কোম্পানির লোকেরা তাকে পিটিয়েছে। ঘটনার স্থল থেকে আমার স্বামী কে উদ্ধার করে বাড়িতে আনার সময় সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। লস্করদী এলাকার নিহতের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এজে