জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম
রাজশাহীর মোহনপুরের এক কোল্ড স্টোরেজে ডাকাতি করে টাকা-জিনিসপত্র লুট করেছে ডাকাতদল।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় দেশ কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ডাকাতরা প্রথমে ঢুকে দায়িত্বে থাকা দুই গেটম্যানকে বেঁধে রাখে। সেখানে এক কক্ষে প্রায় ১৮ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। সেখানে ঢুকে তাদের হাত ও চোখ বেঁধে ডাকাতি শুরু হয়। এরপর টাকাপয়সা ও মেশিন রুমে গিয়ে জিনিসপত্র নিয়ে নেয় তারা।
সেখানে আবু সায়ের নামে একজন শ্রমিক ছিলেন। ঘটনার বর্ণনা তুলে ধরে তিনি বলেন, রাত দেড়টার সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। ডাকাতরা এসে আকাশ নামে লোককে খোঁজে। আমরা বলি, এখানে আকাশ নামে কেউ নাই। আর অমনি তারা অস্ত্র আমাদের গলায় ও বুকে ধরে। হাত ও চোখ বেঁধে ফেলে। তারা নগদ দেড় লাখ টাকা নিয়েছে।
![]()
সায়ের আরও বলেন, ডাকাতরা ১৫/১৬ জন ছিল। আরও বাইরে হয়ত ছিল। কারও পায়ে জুতা সেন্ডেল ছিল না, সবাই কাঁদা পায়ে ছিল। গয়ে লুঙ্গি নেংটি মেরেছিল। আমাদের মারধর করেনি। কিন্তু চোখ ও হাত বেঁধে ফেলে। আমাদের সবার মোবাইল নিয়ে একটা ব্যাগে রাখে তারা। কারও কারও ফোনের সিম খুলে ফেলে দেয়।
ডাকাতির খবর শুনে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মালিক ও এলাকার আলু ব্যবসায়ীরা সেখানে আসেন। তারা আতঙ্কে রয়েছেন বলে জানান। আলু লোড ও আনলোড রাখা হয়েছে।
আলু ব্যবাসায়ী এনতাজ আলী বলেন, আমার আলু ছিল। সকালে সেটে আলু পড়ার কথা, কিন্তু পড়েনি। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর করেছে, টাকাপয়সা নিয়েছে ডাকাতরা।
কাজেম আলী নামে আরেক আলু ব্যবসায়ী বলেন, মেশিনের ক্ষতি হয়েছে। কখন মেশিন চালু হবে, তার ঠিক নাই। আমরা হতাশায় ভুগছি। বৈদ্যুতিক সংযোগ বন্ধ আছে। আলু নষ্ট হয়ে যেতে পারে।
কোল্ড স্টোরেজের মালিক লুৎফর রহমান বলেন, আমরা অভিযোগ দেব।
কোল্ড স্টোরেজের ম্যানেজিং ডাইরেক্টর বজলুর রহমান বলেন, এমন ঘটনা কারা করল বুঝতে পারছি না। তবে আমরা চাই, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আমরা দ্রুত মেশিন চালুর চেষ্টা করছি।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, রাতে ঘটনাটি ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি